শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও চতুর্দশ


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও চতুর্দশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন পোপ লিও চতুর্দশ। এর মধ্য দিয়ে মার্কিন নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগোতে ডাকযোগে ব্যালট পাঠিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ। শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান তাঁর ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাস থেকেই আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই তিনি ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।

ভ্যাটিকানের প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়, আগে রবার্ট প্রিভোস্ট নামে পরিচিত পোপ লিও একজন মার্কিন নাগরিক হিসেবে নির্বাচনে ভোট দিয়েছেন। তবে তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ভ্যাটিকান।

শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, জন্মসূত্রে পাওয়া নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট পরিচয়ে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত তিনি। গত ৩ অক্টোবর ভোট দেওয়ার জন্য ব্যালটের আবেদনও করেছিলেন।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি পেরুর নাগরিকত্বও রয়েছে পোপ লিওর। দেশটিতে তিনি ২০ বছরের বেশি সময় যাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ভ্যাটিকানের নাগরিক হিসেবে তিনি সেখানকার রাষ্ট্রপ্রধানের দায়িত্বেও রয়েছেন।

মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসরত দেশটির নাগরিকেরা অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দিতে পারেন। এমনকি বিদেশি সরকারের হয়ে কাজ করা মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও এ সুযোগ প্রযোজ্য।

বিজ্ঞাপন