বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু


প্রকাশ : (৪৬ মিনিট আগে)
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে দেশটির প্রধান তিনটি সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে বলা হয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। এ অবস্থায় সরকার গঠনের সমীকরণে আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পূর্বাভাস অনুযায়ী, এসব দল সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।

তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠন নিয়ে ইসরায়েলের অনেক ইহুদি রাজনৈতিক নেতার আপত্তি রয়েছে। ফলে বিরোধী জোটের সামনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে গাদি আইজেনকট সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, নেতানিয়াহু জনগণের নতুন ম্যান্ডেট ও আস্থা অর্জন করতে পারেননি।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি বলেন, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের মতোই ক্ষমতা ভোগ করে। তবে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সংযম দেখাতে হয়। তাঁর মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে।

এদিকে নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যেও ভোটদানের হার উল্লেখযোগ্য ছিল।

নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠন করতে পারবে কি না, তা নির্ভর করছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার ওপর। প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশটিতে আবারও নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন