বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গাজার শিশুদের চিকিৎসায় ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি অনুদান তুললেন হামজা


প্রকাশ : (১ ঘন্টা আগে)
গাজার শিশুদের চিকিৎসায় ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি অনুদান তুললেন হামজা

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের চিকিৎসার জন্য ১ লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। দাতব্য এ উদ্যোগে অংশ নেওয়া ব্যক্তি, দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হামজা এ তথ্য জানান।

হামজা বলেন, গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরে তিনি কৃতজ্ঞ। এ আয়োজন বাস্তবায়নে সময় ও শ্রম দেওয়ার জন্য নুজুম স্পোর্টসকেও ধন্যবাদ জানান তিনি।

সংগৃহীত অর্থ গাজার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে। ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি সংস্থার মাধ্যমে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে। যুদ্ধের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শিশুদের জন্য এ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন হামজা।

তিনি আরও বলেন, গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এ উদ্যোগের অবদান সামান্য। তবে ছোট প্রচেষ্টাও পরিবর্তন আনতে পারে। ফিলিস্তিনের মানুষের কষ্ট লাঘব এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করেন তিনি।

জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এ তহবিল সংগ্রহ করা হয়। গত রোববার লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত ওই আয়োজনে হামজাকে নিয়ে আলোচনা সভা এবং মুসলিম ক্রীড়াবিদদের স্বাক্ষরিত জার্সি, পদক ও বিভিন্ন স্মারকের দাতব্য নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে হামজার লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী জার্সি ৭ হাজার পাউন্ডে এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক ৩ হাজার পাউন্ডে বিক্রি হয়। টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে দেওয়া হয়েছে।

নুজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্যভিত্তিক সংস্থা। পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের সহায়তা, ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় কাজ করে প্রতিষ্ঠানটি।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন