রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

প্রথম দুই বছর প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পরে আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
প্রথম দুই বছর প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পরে আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব

ইসরায়েলে সরকার গঠন নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। একটি সম্ভাব্য ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবে প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেওয়া এবং দুর্নীতি মামলায় পূর্ণাঙ্গ ক্ষমা পাওয়ার শর্তে বিরোধী নেতা গাডি আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরায়েলের চ্যানেল ১৪-এর বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রস্তাবিত এই ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার অনুষ্ঠিত অনিশ্চিত সংসদীয় নির্বাচনের পর সরকার গঠনের জটিলতা কাটাতে এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে।

চ্যানেল ১৪-এর দাবি, নির্বাচনী প্রচারণা ও ফলাফল ঘোষণার আগেই গত দুই বছর ধরে প্রেসিডেন্ট হারজোগ এ ধরনের একটি চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন। নির্বাচনে দলগুলোর আসনসংখ্যার সমীকরণ অপরিবর্তিত থাকলে প্রস্তাবটি বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে নেতানিয়াহু প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী।

তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। এক বিবৃতিতে প্রস্তাবটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে বলা হয়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সরকার গঠনের দায়িত্ব অর্পণের প্রক্রিয়া নিয়ে কোনো অনুমান বা আলোচনার সঙ্গেও প্রেসিডেন্টের কার্যালয় যুক্ত নয়।

বুধবার সন্ধ্যায় প্রকাশিত প্রাথমিক নির্বাচনী ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে ইয়াশার পার্টির নেতা গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

ফলে ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

এদিকে সেনাসদস্য, বন্দি, কূটনীতিক ও চিকিৎসাধীন ভোটারদের বিশেষ ভোট গণনা চলমান রয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ। যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি এবং ১৯৯৯ সালের পর সর্বোচ্চ।

উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দীর্ঘদিন ধরে দুর্নীতি মামলার বিচার মোকাবিলা করছেন। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

বিজ্ঞাপন