মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই বেইজিংয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার গভীর রাতে তাকে বহরকারী বিমানটি বেইজিংয়ে অবতরণ করে। এসময় পুতিনকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চলতি বছর এটিই রুশ প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। বুধবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
এরপর দু'দেশের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে একটি দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে। সকালে শি এবং পুতিনের মধ্যকার বৈঠকটি হয়েছে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে। দুই নেতা একসঙ্গে হেঁটে সেখানে প্রবেশ করেন।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন অতীতের মতোই চীনা প্রেসিডেন্ট শি'কে 'প্রিয় বন্ধু' বলে অভিহিত করেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক এখন এক 'অভূতপূর্ব উচ্চতায় পর্যায়ে' পৌঁছেছে বলে মন্তব্য করেন পুতিন। তিনি দীর্ঘদিন ধরে এই বৈঠকের জন্য অপেক্ষায় ছিলেন বলেও জানান।
অন্যদিকে, শি তার উদ্বোধনী বক্তব্যে পুতিনকে বলেছেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনে চীন ও রাশিয়ার একে অপরকে সহায়তা করা উচিত।
জবাবে পুতিন বলেছেন, বেইজিংয়ের জন্য মস্কো 'নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী' হিসেবেই থাকছে। সেইসঙ্গে, আগামী বছর চীনা প্রেসিডেন্টকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এদিকে, পররর্তী বৈঠকে দুই নেতা ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করবেন, সেটি পরিষ্কারভাবে জানানো হয়নি। ক্রেমলিন জানিয়েছে, বৈঠকে রাশিয়া ও চীনের মধ্যকার 'গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলো' নিয়ে আলোচনা হতে পারে।
সূত্র: বিবিসি বাংলা