পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গরুর বাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রাজ্য সরকারের নতুন নির্দেশনার পর মুসলিম ক্রেতাদের অনেকেই গরু কেনা থেকে বিরত থাকছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন গরু মোটাতাজাকরণে যুক্ত খামারি ও ব্যবসায়ীরা।
দীর্ঘদিন ধরে কোরবানির ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের অনেক খামারি গরু লালন-পালন ও মোটাতাজা করে বাজারজাত করে আসছেন। তবে এবার সরকারের নতুন বিধিনিষেধের কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
এ বিষয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন রাজ্য সরকারের শীর্ষ নেতারা। তিনি বলেন, খুব দ্রুত এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত বিষয়ে পরে জানাবেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অগ্নিমিত্র পাল বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশনা জারি করে জানায়, অনুমতি ছাড়া রাজ্যে গরু ও মহিষ জবাই করা যাবে না। পাশাপাশি জবাইয়ের ক্ষেত্রে গরুর ন্যূনতম বয়স ১৪ বছর হতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই কোরবানির পশুর বাজারে প্রভাব পড়তে শুরু করেছে বলে দাবি ব্যবসায়ীদের।