রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

চলন্ত রাজধানী এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী


প্রকাশ :

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) ভোরে চলন্ত অবস্থায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোর প্রায় সাড়ে ৫টার দিকে রাজস্থানের কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটির বি-১ বগিতে আগুনের সূত্রপাত হয়। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন।

ঘটনার পরপরই বগিটি ট্রেনের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে যাত্রীদের নিরাপদে নামিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে আশপাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের কোটা পর্যন্ত অন্য বগিতে নিয়ে যাওয়া হবে। সেখানে পৌঁছানোর পর বিকল্প ব্যবস্থার পাশাপাশি ট্রেনটিতে নতুন একটি বগি সংযুক্ত করা হবে।

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি দিল্লির নিজামুদ্দিন স্টেশনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। ঘটনার সময় এটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।