বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ প্রাণহানি


প্রকাশ :

ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ–এ ভয়াবহ ঝড়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্য প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আকস্মিক এই দুর্যোগে একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভাদোহি জেলায়। সেখানে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। এছাড়া ফতেহপুর জেলায় ৯ জন, বুদাউন জেলায় ৫ জন, চন্দৌলি জেলায় ২ জন এবং সোনভদ্র জেলায় ১ জন নিহত হয়েছেন।

দুর্যোগের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও ক্ষতিপূরণ পৌঁছে দিতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সরকারি সহায়তা পৌঁছাতে হবে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝড়ের তাণ্ডবে বহু এলাকায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় কিছু এলাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ফতেহপুর জেলায় ঘরের দেয়াল ধসে ৫ নারীসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। অন্যদিকে বুদাউন জেলায় দেয়াল ধস ও গাছ পড়ে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও গাছ উপড়ে পড়া ও ঘরধসের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে কৃষিজমি ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বিমা কোম্পানিগুলোকে দ্রুত জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।

বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং সড়ক পরিষ্কারের কাজ চলছে। প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সূত্র: এনডিটিভি