দক্ষিণ এশিয়ায় ফের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো “দুঃসাহসিক পদক্ষেপ” নেয়, তাহলে দিল্লির ভূগোল ও মানচিত্র বদলে যেতে পারে। এমনকি ভারত ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের জনপ্রিয় টকশো ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে এসব কথা বলেন খাজা আসিফ। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
খাজা আসিফ দাবি করেন, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক উত্তেজনায় ভারত কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সেই ক্ষতি কাটিয়ে উঠতেই ভারতের সেনাপ্রধান এখন হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ভারতের সামরিক পদক্ষেপের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়। পাকিস্তানের দাবি, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি আটটি যুদ্ধবিমান, যার মধ্যে রাফাল যুদ্ধবিমানও ছিল, এবং কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব দাবির আন্তর্জাতিক বা স্বাধীন কোনো যাচাই এখনো সামনে আসেনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রায় ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এদিকে সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন “বিব্রতকর অবস্থায়” রয়েছে বলেও মন্তব্য করেন খাজা আসিফ। তিনি দাবি করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আগের প্রভাবশালী সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে। বিপরীতে পাকিস্তান আঞ্চলিক পর্যায়ে “সম্মানজনক অবস্থান” তৈরি করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে ভারত-ইসরাইল সম্পর্ক নিয়েও কথা বলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তার মতে, দক্ষিণ এশিয়ায় ভারতের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্রের উত্থান ইসরাইল চায় না এবং এ কারণে দুই দেশের কৌশলগত স্বার্থের মধ্যে ঘনিষ্ঠ মিল থাকতে পারে।