শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভিসিকের সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়


প্রকাশ :

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে কয়েকদিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর এবার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাজাগম (ভিসিকে)। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার পথে বড় বাধা কাটিয়ে উঠেছেন বিজয়।

শনিবার (৯ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভিসিকের দুই বিধায়ক বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেওয়ায় ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ সদস্যের সমর্থন নিশ্চিত হয়েছে।

এর আগে বিজয়ের জোটের পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল। টিভিকে এককভাবে ১০৭টি আসন লাভ করে। এছাড়া বামপন্থি দল সিপিআই ও সিপিএমের চারজন এবং কংগ্রেসের পাঁচজন বিধায়কও জোটকে সমর্থন দেন। সর্বশেষ ভিসিকের দুই সদস্য যোগ হওয়ায় জোটের সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত হয়।

মাত্র দুটি আসন পেলেও বর্তমান রাজনৈতিক সমীকরণে ভিসিকে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে। ঝুলন্ত বিধানসভায় সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থনই হয়ে ওঠে নির্ধারক।

এদিকে সরকার গঠন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে শুক্রবার (৮ মে) তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার–এর সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা তিন দিনের মধ্যে এটি ছিল তাদের তৃতীয় বৈঠক। বৈঠকে বিজয় দাবি করেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে এবং তিনি সরকার গঠনের অনুমতি চান।

তবে এখনো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য বিজয়কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে গভর্নরের কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র: NDTV