বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা, ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৩


প্রকাশ :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা, হামলা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ২০০টির বেশি এফআইআর দায়ের করেছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৪৩৩ জনকে। এছাড়া আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে সহস্রাধিক মানুষকে।

বুধবার (৬ মে) পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো, হামলা ও মারধরের অভিযোগও এসেছে পুলিশের কাছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত ২০০টির বেশি এফআইআর হয়েছে। ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ১০০ জনের বেশি মানুষকে প্রতিরোধমূলকভাবে আটক করা হয়েছে।”

পুলিশ জানায়, ভোট-পরবর্তী সহিংসতায় পৃথক দুই ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন সিদ্ধনাথ গুপ্ত।

এদিকে কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সতর্ক করে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

কলকাতা পুলিশের আওতাধীন এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, আর বাকি ১৫ জনকে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।

অন্যদিকে, মধ্যমগ্রাম এলাকায় এক সহিংস ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস