ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি।
বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ পদে রয়েছেন তিনি। এর আগে তিনি উপ-সেনাপ্রধান এবং জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পদাতিক ইউনিট ‘গারওয়াল রাইফেলস’-এ কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের শুরু। প্রায় চার দশকের কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ ও প্রশাসনিক দায়িত্বেও সফলতার পরিচয় দেন।
শিক্ষাজীবনে তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি।
দীর্ঘ সামরিক ক্যারিয়ারে অবদানের জন্য তিনি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক ও পরম বিশিষ্ট সেবা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।