ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি প্রায় ১৭০টি আসনে এগিয়ে আছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে। তৃতীয় রাউন্ড শেষে দলটির এগিয়ে থাকা আসন সংখ্যা ছিল ১১৭, যা চতুর্থ রাউন্ড শেষে কমে দাঁড়িয়েছে ১০৩-এ।
এছাড়া বামফ্রন্টের সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে ফলাফলের এই প্রবণতায় বিজেপির বিভিন্ন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি ঝালমুড়ি খাওয়ার আয়োজনও দেখা গেছে।
এর আগে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি খেয়েছিলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা ও পাল্টা বক্তব্যও আসে।
ভোটের চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।