ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত এক চিত্র দেখা যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) বড় ব্যবধানে এগিয়ে থেকে মূল লড়াইয়ে প্রাধান্য ধরে রেখেছে। এতে চাপে পড়েছে ক্ষমতাসীন এম কে স্ট্যালিনের দল ‘দ্রাভিড়া মুনেত্রা কাজাগাম’ (ডিএমকে) জোট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে এখন পর্যন্ত ৮৭টিতে এগিয়ে রয়েছে টিভিকে। দ্বিতীয় স্থানে থাকা এআইএডিএমকে জোট এগিয়ে ৭৫টি আসনে। আর গত নির্বাচনে বড় জয় পাওয়া ডিএমকে এবার অনেকটাই পিছিয়ে, তারা এগিয়ে রয়েছে মাত্র ৫৪টি আসনে।
তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সে হিসেবে এখনো কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবে বিজয়ের দল শীর্ষ অবস্থানে থেকে সবচেয়ে বড় চমক দেখাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে নামার ঘোষণা দেন থালাপতি বিজয়। তিনি তখনই জানান, এটি তার কাছে নিছক আগ্রহ নয়, বরং জনগণের সেবায় একটি লক্ষ্যভিত্তিক উদ্যোগ। অভিনয়জগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রথম নির্বাচনে অংশ নিয়েই তিনি রাজ্যের প্রচলিত রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন।