সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: গণনা শুরু, কার দিকে পাল্লা ভারী?


প্রকাশ :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর রাজ্যের ক্ষমতা কার হাতে যাবে। শুরু থেকেই নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী-এর বহুল আলোচিত লড়াইয়ে।

সোমবার (৪ মে) সকাল ৮টায় গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগের নির্বাচনের তুলনায় এবার কেন্দ্রের সংখ্যা কমে ১০৮ থেকে ৭৭-এ নেমেছে।

রাজধানীর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় গণনাকেন্দ্র, যেখানে মহানগরের ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা হচ্ছে। প্রথমে ডাকযোগে দেওয়া ভোট গণনা করা হচ্ছে, এরপর পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা শুরু হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তার মধ্যে পরিচালিত হচ্ছে সব গণনাকেন্দ্র। অনুমোদিত প্রতিনিধিদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে। মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারছেন।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী-এর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। এই লড়াইয়ের ফল অনেকাংশে নির্ধারণ করতে পারে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন।

এদিকে তৃণমূল কংগ্রেস-এর প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাঁজা ও মধুপর্ণা ঠাকুরের ফলাফলের দিকে নজর রয়েছে।

অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণজ্যোতি তিওয়ারি ও রত্না দেবনাথের ফলাফল নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে।

এ ছাড়া বাম, কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যেও আলোচনায় রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়নদ্বীপ মিত্র, অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম, আবদুর রাজ্জাক মোল্লা ও নওশাদ সিদ্দিকী।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুরের মধ্যে ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে পারে। তবে কিছু কেন্দ্রে পূর্ণাঙ্গ ফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা