রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

দিল্লির বহুতলে ভয়াবহ আগুনে নিহত ৯, আহত আরও কয়েকজন


প্রকাশ :

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর প্রায় ৪টার দিকে চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে, ফলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল বাহিনীর ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবন থেকে এক ডজনের বেশি বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। তবে আগুনে আটকা পড়ে ৯ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

অগ্নিকাণ্ডের পর ভবনের বড় অংশই পুড়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ সময় ধোঁয়া বের হতে দেখা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।