মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফার আসাদি বলেন, পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় উত্তেজনা তৈরি হতে পারে। শুক্রবার (১ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, অতীতে যুক্তরাষ্ট্র চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি ইরান একটি সংশোধিত চুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনা করেন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।
এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-এর নৌ শাখা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আরব উপসাগর ও হরমুজ প্রণালীর উপকূলবর্তী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকাজুড়ে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানো হবে। শিগগিরই এ লক্ষ্যে কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় শক্তির প্রতীক হিসেবে এটি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের বড় একটি অংশের তেল সরবরাহ এই রুট দিয়েই হয়ে থাকে।