শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ৯ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের


প্রকাশ :

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতার মধ্যে ইসরায়েলসহ একাধিক মিত্র দেশের কাছে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের প্রচলিত পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে বিশেষ ক্ষমতাবলে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে সংঘাত শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। ফলে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে।

এই চুক্তির আওতায় ইসরায়েলকে প্রায় ৯৯২ মিলিয়ন ডলারের উন্নত নির্ভুল আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে। একই ধরনের অস্ত্র ও সরঞ্জাম কাতারকেও দেওয়া হচ্ছে। পাশাপাশি কাতারের জন্য ৪ বিলিয়নের বেশি মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জন্যও শতাধিক মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। আর কুয়েতের জন্য প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমন্বিত যুদ্ধ ব্যবস্থাপনা প্রযুক্তি সরবরাহের সবুজ সংকেত মিলেছে।

এই বড় অস্ত্র চুক্তিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কাজ করবে। প্রতিটি বিক্রির ক্ষেত্রেই জরুরি পরিস্থিতির যুক্তি তুলে ধরা হয়েছে, যাতে দ্রুত সরবরাহ নিশ্চিত করা যায়।

এদিকে চলমান সংকট শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ তৈরি হয়েছে। কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বিপুল অস্ত্র বিক্রি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।