পাকিস্তানে আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান।
শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানায়। রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাতে ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।
১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, ১৮ মে জিলহজ মাস শুরু হলে ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন অঞ্চলে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।
তবে চাঁদ দেখা সম্পূর্ণভাবে আবহাওয়ার ওপর নির্ভরশীল। যদি সেদিন চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হতে পারে।