যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দেওয়া ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার বাতিলের দাবি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। সংস্থাটি বলছে, এমন পুরস্কার ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।
এনএফএফের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, ফুটবলের সঙ্গে সরাসরি সম্পর্কহীন এ ধরনের পুরস্কার দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা ফিফাকে আনুষ্ঠানিক চিঠি দেবে। পাশাপাশি ‘ফেয়ারস্কয়ার’ নামের একটি প্রচারগোষ্ঠী যে অভিযোগ ফিফার নৈতিকতা কমিটির কাছে জমা দিয়েছে, সেটির প্রতিও সমর্থন জানিয়েছে সংস্থাটি।
গত ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই ‘শান্তি পুরস্কার’ তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। পুরস্কারটি প্রদান করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তবে এ সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছে। বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর বিষয়টি নতুন করে বিতর্কে উঠে আসে। এখন পর্যন্ত প্রকাশ্যে এ নিয়ে সরব হয়েছে শুধু নরওয়ের ফুটবল ফেডারেশন।