মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ৬


প্রকাশ :

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মারা যাওয়া দুইজন হলেন—জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), যিনি মদিনায় ইন্তেকাল করেন এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), যিনি মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, উভয়ের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। ছয়জনই পুরুষ; তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় ইন্তেকাল করেন।

এদিকে, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।