যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সামরিক সক্ষমতার খুব অল্প অংশই ব্যবহার করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, প্রয়োজনে আরও বড় পরিসরে পাল্টা হামলার জন্য তারা প্রস্তুত রয়েছে।
ইরানি গণমাধ্যম ‘প্রেস টিভি’র এক প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকাংশ এখনো অক্ষত ও ব্যবহার হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক জানিয়েছেন, ইরান বর্তমানে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও যেকোনো সময় শক্তিশালী জবাব দিতে সক্ষম।
তিনি আরও জানান, দেশীয় প্রযুক্তির মাধ্যমে ইরান এক হাজারের বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে। এ উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা বহু শিল্পপ্রতিষ্ঠান, যা সামরিক সক্ষমতাকে আরও টেকসই করেছে।
রেজা তালাই-নিক বলেন, যুদ্ধ পরিস্থিতিতে কোনো একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে না। বিকেন্দ্রীকৃত কাঠামোর কারণে ইরান তাদের অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে পারবে।
এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল হরমুজ প্রণালি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইরানের দাবি, এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ তাদের জন্য একটি বড় কৌশলগত সুবিধা, যা আঞ্চলিক পরিস্থিতিতে প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান তাদের সামরিক শক্তি ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সম্ভাব্য বড় ধরনের প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। (সূত্র: ইত্তেফাক)