শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন ৩ পদ্ধতির উদ্যোগ


প্রকাশ :

গুরুতর অপরাধে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড কার্যকরে নতুন তিনটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যুদণ্ড এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধ।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে।

মার্কিন বিচার বিভাগের এক প্রতিবেদনে এসব নতুন পদ্ধতি ব্যবহারের সুপারিশ করা হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালুর প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে ২০২১ সালে প্রথম মেয়াদের শেষদিকে এসে প্রায় দুই দশক পর ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালু করেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব ছাড়ার আগে শেষ কয়েক মাসে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে ১৩ জন ফেডারেল বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও যুক্তরাষ্ট্রে অধিকাংশ মৃত্যুদণ্ড রাজ্য সরকারের মাধ্যমেই কার্যকর হয়ে থাকে।

পরবর্তীতে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত ফেডারেল মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ তুলে নেন। বর্তমানে দেশজুড়ে ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে বিচার বিভাগ। তবে এসব মামলার বিচারপ্রক্রিয়া শেষ হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

বিচার বিভাগের ৫২ পৃষ্ঠার এক প্রতিবেদনের ভূমিকায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, বাইডেন প্রশাসনের স্থগিতাদেশ ফেডারেল মৃত্যুদণ্ড ব্যবস্থাকে দুর্বল করেছে। এর প্রভাব ভুক্তভোগী, তাদের পরিবার ও সমাজকে বহন করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: রয়টার্স