বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শিশুসহ নিহত ১১


প্রকাশ :

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামা একটি ঢালু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপর একের পর এক একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা দ্রুতই ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সময় লাগে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির যান্ত্রিক ত্রুটিই এ দুর্ঘটনার মূল কারণ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

দুর্ঘটনার পর ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। স্থানীয়দের অভিযোগ, ড্রামন্ডগঞ্জ উপত্যকার এই ঢালু সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড