কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ব্যস্ত মহাসড়কে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং আরও অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে, ফলে ঘটনাটি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় কাউকা প্রদেশের প্যান-আমেরিকান মহাসড়কের কাজিবিও এলাকার এল টুনেল অংশে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান ঘটনাটিকে বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা হিসেবে আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের বর্বরতা মোকাবিলায় অঞ্চলটির একার পক্ষে সম্ভব নয়।
ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহাসড়কজুড়ে ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে আছে। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ জানান, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, ‘ইভান মোরদিস্কো’ নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ নামের সশস্ত্র গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন ও গোয়েন্দা তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।