ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ বন্যা এবং একের পর এক ভূমিধস বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার দল নিখোঁজ আরও শতাধিক মানুষের সন্ধানে দ্রুতগতিতে কাজ করছে।
গত সপ্তাহে মালাক্কা প্রণালীতে সৃষ্ট অস্বাভাবিক ঘূর্ণিঝড় সুমাত্রার তিনটি প্রদেশে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও ভূমিধসের সৃষ্টি করে। কর্তৃপক্ষ বলছে, প্রায় ১৪ লাখ মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়েছে, বহু পরিবার বাসস্থান হারিয়েছে, যোগাযোগ কাঠামো বিধ্বস্ত হয়েছে।
প্রতিবেশী কয়েকটি দেশেও দুর্যোগের প্রভাব পড়েছে। থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার কয়েকটি অঞ্চলে বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু এবং বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় হাজারো মানুষ খাদ্য, পানি ও চিকিৎসার সংকটে আছে।
সরকার জরুরি সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়া অনুকূলে না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।