রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২


প্রকাশ :

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, পূর্বাঞ্চলের বেকা উপত্যকার রিয়াক শহরের একটি বহুতল ভবনে চালানো বিমান হামলায় ১০ জনের বেশি মানুষ নিহত হন এবং বহু মানুষ আহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চালানো হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই দিনে দক্ষিণ লেবাননের সিদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় অন্তত আরও দুইজন নিহত হন। স্থানীয় সূত্র জানায়, হামলার শিকার স্থাপনাটি বর্তমানে মানবিক খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বেকা উপত্যকার বালবেক এলাকায় হিজবুল্লাহর একটি ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন সামরিক নেতাও থাকতে পারেন।

অন্যদিকে আইন আল-হিলওয়ে শিবিরে হামলার বিষয়ে ইসরায়েল বলছে, তারা হামাসের একটি স্থাপনা ধ্বংস করেছে। তবে হামাস এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না এবং হামলায় সাধারণ মানুষই হতাহত হয়েছেন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্যমতে, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলার ঘটনা ঘটেছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ ঘটনায় লেবানন সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, ইসরায়েল নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এখনও লেবাননের কয়েকটি এলাকা দখল করে রেখেছে। এর ফলে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন ব্যাহত হচ্ছে এবং বহু মানুষ নিজ ঘরে ফিরতে পারছে না।

সূত্র: আল জাজিরা