রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৫০


প্রকাশ :

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ প্রাণ হারানোর পাশাপাশি অজ্ঞাত সংখ্যক বাসিন্দাকে অপহরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুতসে গ্রামে এই হামলা শুরু হয় এবং শুক্রবার সকাল পর্যন্ত তা অব্যাহত থাকে। মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা গ্রামে ঢুকে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের জিম্মি করে নিয়ে যায়।

স্থানীয় আইনপ্রণেতা হামিসু এ. ফারু জানান, হামলাকারীরা একের পর এক গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিখোঁজ ও অপহৃতদের তালিকা এখনো চূড়ান্ত করা যায়নি।

গ্রামবাসীদের অভিযোগ, হামলার আগেই তারা বড় ধরনের বিপদের আশঙ্কা করেছিলেন। স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহি সানি জানান, ঘটনার আগের দিনই শতাধিক মোটরসাইকেলে সশস্ত্র লোকজনের চলাচলের বিষয়টি নিরাপত্তা বাহিনীকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হামলায় নিজের পরিবারের তিন সদস্য হারিয়ে তিনি শোক প্রকাশ করেন।

এদিকে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সামরিক সহযোগিতা জোরদার করছে নাইজেরিয়া। যুক্তরাষ্ট্রর সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবে দেশটিতে প্রায় ১০০ মার্কিন সেনা পৌঁছেছেন, যারা সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে গোয়েন্দা সহায়তা ও প্রশিক্ষণ দেবে।

নাইজেরিয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্সের মুখপাত্র সামাইলা উবা জানান, এই সহযোগিতা স্থানীয় বাহিনীর সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সূত্র: আল জাজিরা