রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের হামলা


প্রকাশ :

আফগানিস্তানের অভ্যন্তরে ও সীমান্তঘেঁষা এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে এই হামলা পরিচালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত এ হামলার খবর প্রকাশ করেছে The Guardian। তবে আফগানিস্তানের ঠিক কোন এলাকায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান সরকার। এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও দেয়নি আফগান কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ভেতরে সাম্প্রতিক একাধিক হামলার জের ধরে এই পদক্ষেপ নেয় ইসলামাবাদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপি ও তাদের সহযোগী ISIS-এর অন্তত সাতটি ঘাঁটি ও গোপন আস্তানায় হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ হলেও নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন সেনা নিহত হন। ওই হামলার জন্য টিটিপিকে দায়ী করে পাকিস্তান, যার পরপরই আফগান ভূখণ্ডে এই সামরিক অভিযান চালানো হয়।

তবে সর্বশেষ এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।