ইন্দোনেশিয়ায় টানা বৃষ্টি, আকস্মিক বন্যা আর ধারাবাহিক ভূমিধসে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিভিন্ন প্রদেশে মিলিয়ে মৃত্যুর সংখ্যা দুই শতাধিকের ঘরে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।
পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন দপ্তরের মুখপাত্র ইলহাম ওয়াহাব নিশ্চিত করেছেন, সেখানে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিখোঁজ আছেন অন্তত ৯০ জন। দেশের উত্তরাঞ্চলে—বিশেষ করে উত্তর সুমাত্রায়—মৃতের সংখ্যা ১১৬ জনে দাঁড়িয়েছে। আচেহ প্রদেশেও কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।
প্রতিবেশী মালয়েশিয়া এবং থাইল্যান্ডেও একই বৃষ্টিপাতের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে, সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল সাধারণত দুর্যোগ-প্রবণ হিসেবে পরিচিত। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই একের পর এক শক্তিশালী মৌসুমি ঝড় পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জলবায়ুবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল দীর্ঘতর হচ্ছে, বৃষ্টির তীব্রতা বাড়ছে, আর আকস্মিক বন্যার ঘটনা আগের যে কোনো সময়ের চেয়ে ঘন ঘন দেখা দিচ্ছে।
এ মাসের শুরুর দিকেই মধ্য জাভায় ব্যাপক বৃষ্টির ফলে সৃষ্ট আরেকটি ভূমিধসে ৩৮ জন মারা যান এবং নিখোঁজ হন ১৩ জন।