কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফিডিং কর্মসূচির আওতায় দুই সপ্তাহ বিস্কুট বিতরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেডের দাবি, তাদের পক্ষ থেকে এক সপ্তাহ বিস্কুট সরবরাহ করা হয়নি।
জানা গেছে, প্রাণ ডেইরি লিমিটেডের উৎপাদিত বিস্কুট নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়। পরে বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এসব বিস্কুট বিতরণ করেন শিক্ষকরা।
বিদ্যালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত রুটি, কলা, দুধ ও ডিম সরবরাহ করা হলেও গত ২৮ জুলাই ও ৪ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণ করা হয়নি। তবে পরবর্তী সময়ে ওই দুই দিনের বিস্কুট সরবরাহ করা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।
প্রাণ ডেইরি লিমিটেডের ডিস্ট্রিবিউশন ম্যানেজার সুমন বলেন, আগস্ট মাসের চার সপ্তাহের বিস্কুট পাঠানো হয়েছে। তবে ২৮ জুলাই বিস্কুট সরবরাহ করা সম্ভব হয়নি। তিনি বলেন, বিস্কুট মঙ্গলবারের খাবারের তালিকায় রয়েছে। কোনো কারণে সময়সূচিতে পরিবর্তন হলে প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিয়ে খাবার বিতরণ করতে পারেন। ৪ আগস্টের বিস্কুট যথাসময়ে দেওয়া হয়েছে। ২৮ জুলাইয়ের বিস্কুটের জন্য সরকার থেকে কোনো বিলও গ্রহণ করা হয়নি।
সিংগারডাবড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আক্তারুজ্জামান রুবেল বলেন, ৫ আগস্ট, ২৪ আগস্ট ও ৩১ আগস্ট বিস্কুট দেওয়া হয়েছে। এর আগে ৯ জুলাই ও ১৯ জুলাই এবং ১৯ জুনও বিস্কুট দেওয়া হয়েছিল। তবে ২৮ জুলাই ও ৪ আগস্ট শিক্ষার্থীরা কেন বিস্কুট পায়নি, সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।
তিনি আরও বলেন, এক মাসে তিনবার বিস্কুট সরবরাহের মূল কারণ হলো, সরবরাহ করা বিস্কুট দিয়ে সেপ্টেম্বর মাসজুড়ে এবং অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। ২৮ জুলাই ও ৪ আগস্টের বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সময়ে বিদ্যালয়ে বিস্কুট পাওয়া যায়নি, তাই বিতরণও করা হয়নি।
নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, দুই থেকে তিন সপ্তাহ বিস্কুটের সরবরাহ ছিল না। বর্তমানে পরবর্তী দিনের কর্মসূচির জন্য বিস্কুট রয়েছে। তবে যে দুই সপ্তাহ বিস্কুট সরবরাহ করা হয়নি, পরবর্তী সময়ে ওই দুই সপ্তাহের বিস্কুট বিদ্যালয়কে দেওয়া হয়নি বলেও তিনি জানান।
বিষয়টি সম্পর্কে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ বলেন, এ ধরনের অভিযোগ তার কাছে আগে কেউ করেননি। বিষয়টি সম্পর্কে জানতে পারায় তিনি খোঁজ নিয়ে পরে জানাবেন।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, যেদিন বিস্কুট বিতরণ করা হয় না, সেদিনের বিল দেওয়া হবে না বলে উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন। বিষয়টি তিনি এখন জানতে পেরেছেন এবং উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য নেবেন।
মন্দের চেয়ে মন্দ
৫ ঘন্টা আগে
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান : বিশ্ব হার্ট দিবসে ওয়েবিনারে বক্তারা
৭ ঘন্টা আগে
রংপুরে বাবা হত্যার মামলায় অভিযুক্ত ছেলে গ্রেফতার
১০ ঘন্টা আগে