বিভাগীয় জেলা শহর রংপুরে জেলা তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত ১১৫ টি সরকারি অফিসের মধ্যে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে মাত্র ১৪-টি দপ্তরের। ৩৩ টি দপ্তরের রয়েছে ৮৬ শতাংশ (অধিকাংশ বিদ্যমান), ৩২-টিতে ৭১ শতাংশ (আংশিক ঘাটতি), ২২-টিতে ৫৭ শতাংশ (মধ্যম ঘাটতি), ১২-টিতে ৫০ শতাংশ এবং তিনটি অফিসের হালনাগাদ তথ্য একেবারেই নিষ্ক্রিয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় রংপুর জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর রংপুর জেলার ১১৫টি সরকারি অফিসের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে তথ্য হালনাগাদের এই চিত্র তুলে ধরে।
পর্যবেক্ষণে-নোটিশ বোর্ড, অফিস প্রধানের তথ্য, সিটিজেন চার্টার, যোগাযোগ, খবর, কর্মকর্তা-কর্মচারী ও তথ্য প্রদানকারী কর্মকর্তা (ডিও) ক্যাটাগরি যাচাই করা হয়।
সভায় জানানো হয়, ২০২৫ সালে ওয়েবসাইটে নোটিশ বোর্ড হালনাগাদ ছিল ৬৮ শতাংশ, যা এবছর ১৫ শতাংশ কমে ৫১ শতাংশ হয়েছে। খবরে ২২ শতাংশের জায়গায় কমে হয়েছে ১৭ শতাংশ। অফিস প্রধানের তথ্য ১৬ শতাংশ বেড়ে হয়েছে ১০৮ শতাংশ।কর্মকর্তা-কর্মচারীদের তথ্য গত বছরের মতো অপরিবর্তিত রয়েছে ১০৯ শতাংশ।সিটিজেন চার্টার ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০১ শতাংশ।তথ্য প্রদানকারী কর্মকর্তার ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৮ শতাংশ এবং যোগাযোগ তথ্য ৬৭ শতাংশ থেকে বেড়ে ১০২ শতাংশে দাঁড়িয়েছে।
সভায় জানানো হয়, কর্মকর্তারা অন্যত্র বদলি হয়ে চলে গেলেও সংশ্লিষ্ট অফিসের ওয়েবসাইটে এখনও তথ্য বিদ্যমান এবং অধিকাংশ কর্মীর তালিকায় ফোন ও ইমেইল উল্লেখ নেই।
সরকারি সেবা খাতে অবাধ তথ্য প্রবাহ, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতে বর্তমান চিত্র মূল্যায়ন, তথ্য ঘাটতি ও অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে হালনাগাদ নিশ্চিত করা এবং জনসাধারণের তথ্য জানার অধিকার সুগম করে দুর্নীতি হ্রাস ও প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি করাই এই পর্যবেক্ষণের উদ্দেশ্য বলে সভায় জানানো হয়।
রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান দিবসের প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে গুজব ও অপতথ্যের বিস্তার বিশেষ কোনো অঞ্চল, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার একক কোনো সমস্যা নয়।
বাংলাদেশে অপতথ্য ছড়ানোর প্রবণতাও নতুন নয়।তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহজলভ্যতা ও অপব্যবহারের ফলে অপতথ্যের বিস্তার মহামারি আকার ধারণ করেছে।এ পরিস্থিতি থেকে উত্তরণে বস্তুনিষ্ঠ, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিতে কার্যকর নীতি-কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, টিআইবি, রংপুর এর এরিয়া কো-অর্ডিনেটর আলমগীর কবির, রংপুর জেলা সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলী, সনাক, রংপুর এর সহ-সভাপতি অ্যাডভোকেট দিলরুবা জামান বক্তব্য রাখেন।
মন্দের চেয়ে মন্দ
৫ ঘন্টা আগে
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান : বিশ্ব হার্ট দিবসে ওয়েবিনারে বক্তারা
৭ ঘন্টা আগে
রংপুরে বাবা হত্যার মামলায় অভিযুক্ত ছেলে গ্রেফতার
১০ ঘন্টা আগে