নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রংপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ঠা নভেম্বর) রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাই দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। নারীশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। নারীশিক্ষা বিস্তারে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বাল্যবিবাহ একটি বড়ো বাধা। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে অবগত করতে হবে।
রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির-এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন।