লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আফিফ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফিফ ওই গ্রামের আলী হোসেনের ছেলে।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল আফিফ। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের ডোবার পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় ডোবা থেকে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল জানান, বিকেলের দিকে শিশুটিকে তার দাদা ও চাচা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।