রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রান্তিক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি-পাগলাপীর সড়কের শাহাপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রঙ্গন বেতগাড়ি ইউনিয়নের ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর ছেলে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মোটরসাইকেলে করে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রঙ্গন। সে শাহাপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রঙ্গনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, মোটরসাইকেল দূর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।