জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ৬ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে। আজ দুপুরে ১৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে অনন্তপুর, গোড়কমন্ডল ও দৈখাওয়া বিওপির টহলদল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৯৯৫ পিস ভারতীয় ইয়াবা, ৭ দশমিক ৭ কেজি গাঁজা এবং ১০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মোট সরকারি সিজার মূল্য ৬ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।