শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক এমপি মোতাহার হোসেনের বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হাতীবান্ধা থানা পুলিশ জানায়, উপপরিদর্শক জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মহাসড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়।

পরে পুলিশ গাড়িটির কাছে গেলে কয়েকজন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে গাড়ির ভেতর থেকে একজনকে আটক করে। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের কোতোয়ালি থানার মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলার থানায় ডাকাতি, মানব পাচার ও চুরির মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় তাদের নামে সাজা পরোয়ানাও রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দেশীয় অস্ত্র, ব্যাটারিচালিত ড্রিল, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, চাবি, কাটার, করাত ও হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকার কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন