দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চার দিনের সরকারি সফরে লালমনিরহাট ও রংপুরে আসছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে তাঁর এ সফর। সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে লালমনিরহাট সার্কিট হাউসের হলরুমে ‘হামার লালমনি প্রদর্শনী-২০২৬’ আয়োজন উপলক্ষে জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যৌথ আলোচনাসভায় অংশ নেবেন মন্ত্রী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় বড়বাড়ীর জলতরঙ্গ ভবনে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গের’ ক্লাস উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে পৌরসভার আবাসন প্রকল্প পরিদর্শন এবং সন্ধ্যা ৭টায় আরডিআরএসের উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধীদের অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
একই দিন রাত ৮টায় লালমনিরহাট সার্কিট হাউসে জেলার বিভিন্ন প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ১০টায় বড়বাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে পাটগ্রামের জোড়া ব্রিজ মোড় থেকে লক্ষ্মণথারী সানিয়াজান নদীর ওপর ১০৪ দশমিক ১ মিটার দীর্ঘ আর্চ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মন্ত্রী।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে পাটগ্রাম থানা ভবন এবং বিকেল ৩টায় মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় সুমা চা-বাগান পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় হাতীবান্ধা অডিটোরিয়ামে ‘আলোকিত লালমনিরহাট-হাতীবান্ধা’ উপজেলার কার্যক্রম নিয়ে মতবিনিময়সভায় অংশ নেবেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১০টায় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ছয়তলা ভিত্তিবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করবেন।
দুপুর ১২টায় বড়বাড়ীর শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর মন্ত্রী রংপুরের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৩টায় পিএসসির নতুন ভবন এবং বিকেল ৪টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করবেন। সফর শেষে একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ সফরসূচির তথ্য জানানো হয়েছে।