শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যাচেষ্টার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যাচেষ্টার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রহিদুল ইসলামকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার হাতিরঝিল থানাধীন নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গমারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-১৩ জানায়, রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। কলেজ শিক্ষক আরিফুল ইসলাম এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের জুয়া থেকে বিরত থাকতে বলতেন। একই সঙ্গে জুয়া বন্ধ না করলে পুলিশকে বিষয়টি জানানোর কথাও বলেছিলেন তিনি।

এতে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গত ২ আগস্ট আরিফুল ইসলামের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর রংপুরের সিপিএসসি এবং র‌্যাব-৩-এর সিপিসি-২, মগবাজারের যৌথ দল ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন