বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে জাতীয় যুবনীতি হালনাগাদে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
রংপুরে জাতীয় যুবনীতি হালনাগাদে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

জাতীয় যুবনীতি-২০১৭ হালনাগাদ করে সময়োপযোগী, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন যুবনীতি প্রণয়নের লক্ষ্যে রংপুরে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ-তরুণীরা অংশ নিয়ে নতুন নীতিমালার জন্য নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

রোববার (৩ আগস্ট) রংপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ বিভাগীয় পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় জাতীয় যুবনীতি হালনাগাদের প্রক্রিয়ায় নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ফারুক।

এসময় ভিএসও বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অনুপ গুন, ন্যাশনাল ভলান্টিয়ার আব্দুল্লাহ আল কাওছার, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক জামাল হোসেন এবং ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের অ্যাম্বাসেডর শহিদ ইসলাম সুজনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ড. আবুল হোসেন বলেন, দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীই যুব। তাই পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রত্যাশা ও অভিজ্ঞতাকে নতুন জাতীয় যুবনীতির ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, নতুন যুবনীতিতে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, মানসিক স্বাস্থ্য, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু অভিযোজন এবং স্বেচ্ছাসেবাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একই সঙ্গে শহর-গ্রাম, নারী-পুরুষ, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের মতামত নীতিমালায় প্রতিফলনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশ নেওয়া তরুণরা দলীয় আলোচনা, উন্মুক্ত মতবিনিময় ও বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে নীতি-নির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত যুব প্রতিনিধিদের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ক্রীড়া দপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা এসব মতামত গ্রহণ করেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় জানায়, দেশের আটটি বিভাগে আয়োজিত এ ধরনের বিভাগীয় পরামর্শ সভা থেকে প্রাপ্ত সুপারিশ জাতীয় পর্যায়ে সমন্বয় ও পর্যালোচনা করা হবে। পরে এসব সুপারিশের ভিত্তিতে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী জাতীয় যুবনীতি প্রণয়ন করা হবে, যা দেশের যুবসমাজের টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন