লালমনিরহাটে ৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া চার মাদক কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আজিজার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন, একই এলাকার মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন এবং হাতীবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার হজরত আলীর ছেলে মোস্তাফিজার রহমান ও তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুন লালমনিরহাট ১৫ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ইজিবাইক থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের দৃষ্টান্তমূলক সাজা মাদক ব্যবসার বিরুদ্ধে ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।