‘পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা’ এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাজ থেকে অপরাধ দূরীকরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।
সোমবার (২৯ জুন) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদের সামনে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট’ এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্থার সমিতির সদস্যদের মাঝে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান ভিপি আনিছ, লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোখলেজুর রহমান আকাশ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সংস্থার সুধীজন উপস্থিত ছিলেন।