শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লাল সবুজ সোসাইটির উদ্যোগে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক


প্রকাশ :

নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে একটি বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) যুব সংগঠন ‘লাল সবুজ সোসাইটি’ লালমনিরহাট টিমের উদ্যোগে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

তৃণমূল পর্যায়ের প্রায় ৫০ জন নারীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল জরায়ু ও ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধ, লক্ষণ, ঝুঁকি এবং করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

সচেতনতামূলক সেশনে প্রধান আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. ফাতেমা তুজ জোহরা। তিনি উপস্থিত নারীদের ব্রেস্ট ও জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, সহজ উপায়ে স্ক্রিনিংয়ের গুরুত্ব এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করেন।

মূল আলোচনা শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামীণ নারীরা তাদের প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রশ্ন নিয়ে সরাসরি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার সুযোগ পান।

অনুষ্ঠানে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আয়শা সিদ্দিকা কথা, ইভেন্ট ম্যানেজার আজহারুল ইসলাম, উপদেষ্টা সদস্য আতিকুর রহমান শাকিল এবং সদস্য জাহাঙ্গীর আলম জিদান ও হুমায়রা বিনতে আলীসহ সংগঠনের ১০ জন সক্রিয় স্বেচ্ছাসেবক।

জেলা সমন্বয়ক মো. ইউসুফ আলী বলেন, “তৃণমূলের নারীদের মধ্যে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে এক ধরনের সামাজিক সংকোচ বা ট্যাবু কাজ করে। সঠিক তথ্য ও সচেতনতার অভাবে অনেকেই রোগটি শেষ পর্যায়ে গিয়ে শনাক্ত করেন। লাল সবুজ সোসাইটির লক্ষ্য হলো গ্রামীণ নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা নিজেদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে আরও সচেতন হতে পারেন।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টিকর হালকা নাস্তা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় লাল সবুজ সোসাইটির এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।