লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে অবৈধ বালু উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভেজ খান ও মো. মামুনুর রশিদ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিশ্চিত করেন।
পরে ইউনিয়ন ভূমি অফিসের প্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
একই সময়ে নদীতে নিষিদ্ধ 'চায়না দুয়ারী' জাল দিয়ে মাছ ধরার প্রমাণ পাওয়া গেলে জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।