লালমনিরহাট শহরে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রসাধনী বিক্রির অভিযোগে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে দুইটি পাইকারি কসমেটিকস প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে| এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও আমদানিকারকের তথ্যবিহীন ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়|
শনিবার (২১ জুন) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও মো. মামুনুর রশিদ-এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়| অভিযানে শহরের ‘মীম এন্টারপ্রাইজ’ ও ‘রাফি এন্টারপ্রাইজ’-কে এই জরিমানা করা হয়|
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে চোরাই পথে আনা আমদানিকারকের তথ্যবিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়| জব্দকৃত পণ্যের মধ্যে সরকার ঘোষিত জন¯^াস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিমও ছিল|
মোবাইল কোর্টে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়| জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে|
অভিযান চলাকালে জব্দকৃত সকল নিষিদ্ধ ও ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম উপস্থিত জনসাধারণের সামনে ধ্বংস করা হয়|
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্ষতিকর, অবৈধ ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে| প্রশাসনের এ ধরনের কার্যক্রম বাজারে নিরাপদ পণ্য নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন|