রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আবাসিক হোটেল থেকে বিদেশী নাগরিকের টাকা চুরি, আটক ৪


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামের আবাসিক হোটেল রাজ ইন্টারন্যাশনালের কক্ষে রাত থাকা বিদেশী নাগরিক মিস্টার হেরী মিটসিডিসের (৫২) টাকা চুরি হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) গভীর রাতে তাঁর (ওই নাগরিকের) অজান্তে বাংলাদেশি টাকা, পাকিস্তানি রুপি, তুরস্কের টাকা ও ইউরো চুরি হয়। শনিবার সকালে তিনি বিষয়টি টের পেয়ে পাটগ্রাম থানা পুলিশকে অবগত করেন। এ ঘটনায় পুলিশ হোটেলের কর্মচারী দুইজন ও কর্মচারীর এক বন্ধুকে এবং বিদেশীর সৈয়দপুর থেকে ভাড়ায় চালিত গাড়ির চালককে আটক করেছে। 

গ্রিসের নাগরিক মিস্টার হেরী মিটসিডিস ওই দেশের রাজধানী অ্যাথেন্সের বাসিন্দা। তিনি বিশ্বের সবচেয়ে ভ্রমণকারী ব্যক্তিদের মধ্যে একজন। শুক্রবার আলোচিত তিনবিঘা করিডোর ও দহগ্রাম ইউনিয়ন ঘুরে দেখেন তিনি। ওইদিন সন্ধ্যায় তিনি ও তাঁর সাথে থাকা দোভাষী কাওছার আহম্মেদ এবং সৈয়দুপরের গাড়ি চালক আলম হোসেনসহ ওই আবাসিকে রাত থাকার জন্য ওঠেন। এ সময় হেরী আবাসিকের ২১১ নম্বর কক্ষে, দ্বোভাষি ২০৯ এবং গাড়ি চালক ৩১১ নম্বর কক্ষে রাত যাপন করেন। বিদেশী নাগরিকের কক্ষের পাশের কক্ষে আবাসিক হোটেলটির কর্মচারীরা ঘুমান। রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন হেরী। পরদিন সকালে তাঁর ট্রাভেল ব্যাগের চেইন খোলা ও পাসপোর্ট বই বাইরে পান। এ সময় তাঁর ব্যাগে রাখা ইউরো চার হাজার ২ শ মুদ্রা (১ ইউরো ১৩০ টাকা। বাংলাদেশি টাকায় পৌনে ছয় লাখ টাকা), বেশকিছু তুরস্কের তুর্কি লিরা (মুদ্রা), পাকিস্তানি রুপি ও বাংলাদেশি ৯ হাজার টাকা খুঁজে পাননি। বিষয়টি দোভাষী কাওছার আহম্মেদকে জানান। তাঁরা উভয়ে আবাসিক হোটেল রাজ ইন্টারন্যাশনালের কর্তৃপক্ষকে জানায়। টাকা চুরির বিষয়টি তারা কিছু জানেন না জানালে ওই বিদেশী নাগরিক থানা পুলিশের স্মরণাপন্ন হন। পুলিশ তাৎক্ষণিক ওই আবাসিকের দুই কর্মচারী ফিরোজ, রায়হান ও তাদের বন্ধু আব্দুল মালেক এবং গাড়ি চালক আলম হোসেনকে আটক করেন।  

শনিবার বিকেলে মিস্টার হেরী মিটসিডিস সৈয়দপুরে যান। রোববার ঢাকায় যাবেন ও আগামী ৭ নভেম্বর দেশে ফিরে যাবেন তিনি।  এ ব্যাপারে মিস্টার হেরী মিটসিডিস বলেন, ‘আমি অনেক দেশ ঘুরেছি, এ ধরণের অভিজ্ঞতার সম্মুখিন হইনি। আমার কক্ষটির দরজার লকার ভালো ছিলনা। সকালে উঠে দেখি বাইরে থেকে বন্ধ/লক করা। পুলিশকে বলেছি। টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা করছে। দেখি কি হয়।’ 

এ ব্যাপারে আবাসিক হোটেল রাজ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক/ম্যানেজার মাহাবুব হোসেন বলেন, ‘বিদেশী ব্যক্তির সাথে চালক ও দোভাষী ব্যক্তি ছিলেন। তাঁর কাছে টাকা ছিল কিনা আমরা নিশ্চিত নই। আমাদের এখানকার সিসি ক্যামেরা চেক/যাছাই করা হয়েছে কোনো সত্যতা পাওয়া যায়নি। এ হোটেলটির একটা সুনাম আছে, বাইরের মানুষ তো মিথ্যা অভিযোগও দিতে পারে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘প্রথম অবস্থায় আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ/ভিডিও যাচাই করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’