রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রংপুরে আলোচনাসভা


প্রকাশ :

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৬ উপলক্ষ্যে রংপুরে আলোচনাসভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রংপুর জেলাপ্রশাসন এই অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, বাংলা আমাদের মায়ের ভাষা। এই ভাষার সংস্কৃতি যাতে হারিয়ে না যায়, এজন্য মনে-প্রাণে আমাদের বাংলা ভাষার সংস্কৃতি ধারণ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাকে রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সংঘটিত আন্দোলনগুলোর মধ্যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির আন্দোলন অন্যতম। এজন্য এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাংলা ভাষার চর্চা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সর্বস্তরে সকলকে বাংলা ভাষার শুদ্ধ চর্চা করা প্রয়োজন। ভাষা শহিদদের আত্মত্যাগ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, ভাষা সৈনিকগণের আত্মত্যাগ আমাদের অধিকার প্রতিষ্ঠার পথকে সুগম করেছিল, যা দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ভাষা সৈনিকদের আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল বলেন, বাঙালি ছাড়া অন্য কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি। এজন্য ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়।

তিনি ক্ষোপ প্রকাশ করে বলেন, ভাষা আন্দোলনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমরা সর্বস্তরে বাংলা ভাষাকে জায়গা করে দিতে পারি নাই। অফিস-আদালত, হোটেল-রেস্তোরাঁসহ অনেক জায়গায় ভুল বাংলা বানান ও ইংরেজিতে লেখা ব্যানার, পোস্টার-সাইনবোর্ড ব্যবহৃত হচ্ছে যা খুবই দুঃখজনক। যে জাতি নিজের ভাষাকে অবজ্ঞা করে সে জাতি কখনো উন্নত হতে পারে না। তিনি বাংলা ভাষাকে ভালোবেসে প্রত্যেককের জীবনের প্রতিটি ক্ষেত্রে তা প্রতিফলিত করার আহ্বান জনান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোঃ জয়নাল আবেদীন, ভাষাসৈনিক মোহাম্মদ আফজাল প্রমুখ।

আলোচনাসভা শেষে ভাষাসৈনিক মোহাম্মদ আফজালকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।