রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্বর্ণের দামে আবারও লাফ, ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা


প্রকাশ :

টানা দরপতনের পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী,

  • ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা

এছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখনও একই পরিমাণ বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৩০ দফা স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং কমেছে ১২ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যেখানে বেশিরভাগ সময়ই ঊর্ধ্বমুখী ছিল বাজার।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।

অন্যান্য দরে—

  • ২১ ক্যারেট রুপা: ৬ হাজার ৪১৫ টাকা

  • ১৮ ক্যারেট রুপা: ৫ হাজার ৪৮২ টাকা

  • সনাতন পদ্ধতির রুপা: ৪ হাজার ৮২ টাকা

চলতি বছরে রুপার দাম ১৭ দফা সমন্বয় হয়েছে; এর মধ্যে ১১ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে ১৩ দফা সমন্বয়ের মধ্যে ১০ বারই দাম বেড়েছিল।