মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনার রংপুরে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক, রংপুর রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে।
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল বলেন, একুশ আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে আপসহীন হতে। ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাঙালি জাতি পরবর্তীতে স্বাধীনতার পথে অগ্রসর হয়। এই চেতনাই আমাদের একটি সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ গঠনে প্রেরণা জোগাবে।