রংপুর জেলা কনজুমারস এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও সরকারি তদারকি অভিযানে বাধার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
বক্তারা জানান, গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল মৌলভীবাজারে তদারকিমূলক অভিযানে গেলে দেখা যায়, মেসার্স দেওয়ান ট্রেডার্স মাত্র ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধি করেছে। ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসেবে ক্রয়ের মূল্য বেশি হওয়ার দাবি করলেও কোনো পাকা ক্যাশমেমো দেখাতে পারেননি।
এরপর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। তবে ব্যবসায়ী সমিতির সভাপতি জরিমানা পরিশোধ না করার ঘোষণা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন।
ক্যাব দাবি করেছে, অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ক্যাশমেমো প্রদানে ব্যর্থতা এবং তদারকি বাধা প্রদানের ঘটনা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা জোর দাবি জানিয়েছে, সংশ্লিষ্টদের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালানো হোক।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর জেলা ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান। উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ক্যাবের কর্মকর্তা ও সদস্যরা।